গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র মো: আনিছুর রহমান (৬২) মারা গেছেন| (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এদিকে আনিছুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে তার বড় বোন রাশিদা আক্তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।
৭ জুন রোববার দুপুরে রাজধানীর শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিছুর রহমান মারা যান। ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে বড় বোন রাশিদা জ্ঞান হারালে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলার মাধখলা গ্রামের হাজী হাবিবুর রহমান ছেলে আনিছুর রহমান| তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯১ সালে শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি নির্বাচিত হন এবং ২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম মেয়র নির্বাচিত হন। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্র জানা গেছে, ২০২৪ এর ৫ আগস্টের পর থেকে তিনি বাড়িতে থাকতেন না। এ সময় ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। অনেক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় এবং রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। সোমবার সকাল ১১ টার দিকে শ্রীপুর পৌরসভার মাধখলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।