রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হওয়ায় বোচাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
রবিবার (৭ জুন ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবুল ওহাব, সাংগঠনিক সম্পাদক লিখন বণিক শুভ, সদস্য আনোয়ার হোসেন, আসাদ আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ইউএনও মারুফ হাসান তাঁর দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে বোচাগঞ্জ উপজেলায় উন্নয়ন ও সেবার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মানবিক উদ্যোগ এবং সাধারণ মানুষের কল্যাণে নিরলস কাজের স্বীকৃতি হিসেবেই রংপুর বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়া অত্যন্ত গৌরবের বিষয়।
এ সময় তারা ইউএনও মারুফ হাসানের ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য, সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
অপরদিকে, এ সম্মানজনক স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইউএনও মারুফ হাসান বলেন, জনগণের সেবা ও উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাবেন।