মোঃ মোস্তফা খান:
একটি শিশুর জন্ম শুধু একটি নতুন জীবনের সূচনা নয়, বরং একটি পরিবারের স্বপ্ন, ভালোবাসা আর অফুরন্ত আনন্দের নতুন অধ্যায়। সেই চিরন্তন অনুভূতিকেই সুর, কথা আর হৃদয়ের আবেগে ফুটিয়ে তুলেছেন কণ্ঠশিল্পী ইসফাতারা রনি। তার নতুন গান ‘লক্ষ্মী সোনামণি’ প্রকাশিত হয়েছে ‘রনি’স টিউন’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
মুক্তির পর থেকেই গানটি বাবা-মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ও সন্তানের প্রতি অকৃত্রিম মমতার গল্প তুলে ধরার জন্য শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে।
গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ শুভ। আর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এ. কে. রানা।
তবে ‘লক্ষ্মী সোনামণি’র সবচেয়ে আবেগঘন দিকটি লুকিয়ে আছে এর ভিডিওতে। এতে ইসফাতারা রনির সঙ্গে পর্দায় দেখা গেছে তারই দুই সন্তান রিদওয়া কায়সার রুহা ও রাইয়ান কায়সার রুহানকে। ফলে অভিনয়ের সীমা ছাড়িয়ে ভিডিওটিতে ধরা পড়েছে বাস্তব জীবনের বাবা-সন্তানের নিখাদ ভালোবাসা, যা দর্শকদের কাছে গানটিকে আরও প্রাণবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলেছে।
গানটির প্রতিটি শব্দ আর সুর যেন বলে- একটি শিশুর ছোট্ট হাসিই বদলে দিতে পারে একটি পরিবারের পুরো পৃথিবী। সন্তানের প্রথম হাসি, প্রথম স্পর্শ, প্রথম ডাক- এসব অনুভূতির আবেগময় মুহূর্তগুলো সহজ-সরল কথায় তুলে ধরা হয়েছে ‘লক্ষ্মী সোনামণি’তে।
নতুন গান নিয়ে ইসফাতারা রনি বলেন, “একটি শিশুর আগমনে বাবা-মায়ের জীবনে যে অপার আনন্দ আর অনুভূতির জন্ম হয়, সেটাই এই গানের মূল বিষয়। খুব সাধারণ ভাষা আর হৃদয়ছোঁয়া সুরে সেই ভালোবাসার গল্প বলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, গানটি প্রতিটি বাবা-মায়ের হৃদয়ে নাড়া দেবে।”
পারিবারিক মূল্যবোধ, সন্তানের প্রতি সীমাহীন ভালোবাসা এবং হৃদয়ছোঁয়া উপস্থাপনার কারণে ‘লক্ষ্মী সোনামণি’ শুধু একটি গান নয়, বরং প্রতিটি পরিবারের আবেগের প্রতিচ্ছবি হয়ে উঠতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সব বয়সী শ্রোতার কাছে গানটি সমানভাবে গ্রহণযোগ্য হবে বলেও আশাবাদী শিল্পী।