সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননায় ভূষিত হয়েছেন গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনি।
মঙ্গলবার (২৮ জুলাই ২৬) বিকেলে রাজধানীর বাংলা একাডেমির ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. সুকুমার বড়ুয়ার হাত থেকে সম্মাননা গ্রহণ করেন তিনি।
প্রয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বক্তারা অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং দেশের সংস্কৃতি ও সঙ্গীতাঙ্গনে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করার এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই স্বীকৃতি তাঁর সৃষ্টিশীল কর্মকাণ্ডে আরও অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতেও তিনি বাংলা গান ও সংস্কৃতির বিকাশে আন্তরিকভাবে কাজ করে যাবেন।