নরসিংদীর রায়পুরার চার সাংবাদিকের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি ভুয়া ফেসবুক পেজের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে রায়পুরা থানায় পৃথকভাবে এসব সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডি করা সাংবাদিকরা হলেন-দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি মেহেদী হাসান রিপন, দৈনিক ভোরের ডাকের মো. রফিকুল হক, দেশ টিভির বিনা আক্তার এবং বৈশাখী টিভির মো. শফিকুল ইসলাম।

অভিযোগে সাংবাদিকরা উল্লেখ করেন, একটি ভুয়া ফেসবুক পেজ থেকে তাদের নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের অপপ্রচারমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে তাদের সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিকরা।

রায়পুরা থানায় জিডির পর ওসি (তদন্ত) টি এম ফরিদুল আলম জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশ বিভিন্ন তথ্য-প্রমাণ যাচাই করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে জোরালোভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, আশা করা হচ্ছে খুব শিগগিরই তথ্য-প্রমাণের ভিত্তিতে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে। একই সঙ্গে তদন্তের মাধ্যমে অপপ্রচারের সঙ্গে জড়িতদের প্রকৃত পরিচয়ও জনসম্মুখে প্রকাশ পাবে।

সাংবাদিকদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মহল।