এম আজিজুল ইসলাম, রায়পুরা (নরসিংদী) : “আগামী বাজেটের পর রায়পুরার উন্নয়নে ব্যাপকভাবে কাজ শুরু হবে। একজন মন্ত্রী যে পরিমাণ বাজেট নিয়ে আসেন, আমরা রায়পুরার জন্য সেই পরিমাণ বাজেট নিয়ে আসার চেষ্টা করব। রায়পুরাকে বঞ্চিত করে কেউ সংসদে বসে বেশি টাকা নিতে পারবে না।”
নরসিংদীর রায়পুরায় মরহুম আবুল হাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
তিনি বলেন, রায়পুরার শ্রীরামপুর থেকে ভৈরব পর্যন্ত সড়ক নির্মাণের জন্য সংসদে দাবি জানানো হয়েছে। এ সড়কের কাজ খুব দ্রুত শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে আশরাফ উদ্দিন বকুল বলেন, “বর্তমানে সরকার একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিগত সরকার দেশকে লাখ লাখ কোটি টাকা ঋণের বোঝা দিয়ে গেছে।”
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একজন ফুটবল খেলোয়াড় ভালো খেলার মাধ্যমে অর্থ উপার্জনের পাশাপাশি নিজেকে মাদক থেকে দূরে রেখে সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।
শুক্রবার বিকেলে রায়পুরা আর কে আর এম উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আবুল হাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
টুর্নামেন্ট পরিচালনা পরিষদের সভাপতি ও রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ ও সাবেক মেয়র আবদুল কুদ্দুস মিয়া, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উদ্বোধনী ম্যাচে তাত্তাকান্দা ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে চান্দেরকান্দি ইউনিয়ন ফুটবল একাদশ।