গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
অভিযোগ অনুযায়ী, গত শনিবার (১১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে গাজীপুর মহানগরীর চৌধুরী বাড়ি এলাকার শোভন চৌধুরী মার্কেটে অবস্থিত গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রবেশের সময় একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে এম কাজল খানের ওপর হামলা চালায়।
এম কাজল খানের অভিযোগ, শোভন চৌধুরী মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ হাফিজ উদ্দিন চৌধুরীর নির্দেশে এ হামলা সংঘটিত হয়। হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে নয়ন নামে একজনসহ কয়েকজন ছিলেন, যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ এবং সাংবাদিকতার মাধ্যমে সত্য তুলে ধরার কারণেই তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
হামলার পরপরই তিনি বাসন মেট্রো থানায় অভিযোগ জানালে থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বাসন মেট্রো থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ভয়ভীতি ও হামলামুক্ত পরিবেশে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, ভয়ভীতি ও হয়রানির ঘটনা কেবল একজন সাংবাদিকের ওপর আঘাত নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও আঘাত। তাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সময়ের দাবি।
https://shorturl.fm/pFVDQ
https://shorturl.fm/Izsbs
https://shorturl.fm/NLUcu
https://shorturl.fm/Rj9eM
https://shorturl.fm/laid2
https://shorturl.fm/pi57K
https://shorturl.fm/yyAGV
https://shorturl.fm/3l0OG